খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিনা খরচে মালয়েশিয়ায় ৩৭৯ কর্মী নিয়োগ, সাক্ষাৎকারের স্থান বদলে ভোগান্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিনা খরচে মালয়েশিয়ায় ৩৭৯ কর্মী নিয়োগ, সাক্ষাৎকারের স্থান বদলে ভোগান্তি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন আলোচনা-সমালোচনার পর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হতে পারে। তবে নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই সাক্ষাৎকারের স্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক প্রার্থী।

মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান টপ গ্লোভ বাংলাদেশ থেকে মোট ৩৭৯ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) প্রতিষ্ঠানটির সাবেক কর্মীদের (এক্স-ওয়ার্কার্স) যাচাই-বাছাই ও সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে।

অন্যদিকে আগামী ১২ নভেম্বর নিয়োগকর্তার নিজস্ব উদ্যোগে সুপারিশকৃত প্রার্থীদের (রেফারেল ওয়ার্কার্স) বাছাই ও সাক্ষাৎকার নেওয়া হবে। দুই শ্রেণির প্রার্থী মিলিয়ে মোট ৩৭৯ জন কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

নিয়োগকর্তার পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত কর্মীদের ভিসা, মেডিকেল পরীক্ষা ও অন্যান্য অভিবাসনসংক্রান্ত ব্যয় বহন করবে টপ গ্লোভ। ফলে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বহন করতে হবে না।

শেষ মুহূর্তে সাক্ষাৎকারের স্থান পরিবর্তন, ভোগান্তিতে প্রার্থীরা

কর্মী বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য টপ গ্লোভ তাদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারণা চালায়। প্রতিষ্ঠানটির লিংকডইন ও ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১১ ও ১২ নভেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার মাদানী অ্যাভিনিউতে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এ জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়।

কিন্তু সাক্ষাৎকারের মাত্র এক দিন আগে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে ভেন্যু পরিবর্তনের কথা জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাক্ষাৎকারের স্থান নির্ধারণ করা হয় বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার।

হঠাৎ এ পরিবর্তনে বিভ্রান্তিতে পড়েন অনেক প্রার্থী। পূর্বঘোষণা অনুযায়ী বসুন্ধরার মাদানী অ্যাভিনিউতে যাওয়ার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের নতুন করে যাতায়াত পরিকল্পনা করতে হয়। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা প্রার্থীদের জন্য বিষয়টি বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। নতুন ভেন্যু সম্পর্কে সময়মতো জানতে না পারা, যাতায়াতে অতিরিক্ত সময় ও ব্যয় এবং নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয় তাঁদের মধ্যে।

সাক্ষাৎকারে অংশ নিতে আসা কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, তাঁদের আগের কাজের অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এ ছাড়া সাক্ষাৎকারে বাদ পড়লে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না।

প্রার্থীদের প্রশ্ন, সাক্ষাৎকারের স্থান আগে থেকে নির্ধারিত থাকার পরও কেন শেষ মুহূর্তে তা পরিবর্তন করতে হলো? এ পরিবর্তনের আগে সংশ্লিষ্ট নিয়োগকর্তার সম্মতি নেওয়া হয়েছিল কি না, সেটিও স্পষ্ট নয়।

ভেন্যু পরিবর্তনের কারণ জানাল বোয়েসেল

হঠাৎ সাক্ষাৎকারের ভেন্যু পরিবর্তনের কারণ জানতে চাইলে বুধবার সকালে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে সাক্ষাৎকার চলাকালে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক সাংবাদিকদের বলেন, ‘বোয়েসেলের একটি নিজস্ব সক্রিয়তা রয়েছে। সরকারি এজেন্সি হিসেবে এই সক্রিয়তা ধরে রাখার জন্য বেসরকারি কোনো অফিস ব্যবহার করার রাইট আমাদের নেই। তাই এই সুযোগ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি।’

তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, শুধু সাক্ষাৎকারের স্থান পরিবর্তন করলেই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হয় না। এ ধরনের পরিবর্তন কতটা যৌক্তিক, স্বচ্ছ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতির ভিত্তিতে করা হয়েছে, সেটিই গুরুত্বপূর্ণ। নিয়োগকর্তার সম্মতি ছাড়া বা যথাযথ সমন্বয় না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

এ প্রসঙ্গে অভিবাসন বিশেষজ্ঞ ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শুধু সাক্ষাৎকারের স্থান নয়, প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয়ও পরিবর্তন হতে পারে। তবে এ ধরনের পরিবর্তন অবশ্যই সংশ্লিষ্ট উভয় পক্ষের আলোচনা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হওয়া উচিত।

তিনি আরও বলেন, সমন্বয় ও সমঝোতার অভাব থাকলে বাংলাদেশ থেকে বিনা খরচে কর্মী নিতে আগ্রহী মালয়েশিয়ার বড় বড় প্রতিষ্ঠান ভবিষ্যতে আগ্রহ হারাতে পারে। এর নেতিবাচক প্রভাব দেশের সামগ্রিক বৈদেশিক কর্মসংস্থান খাতেও পড়তে পারে। তাই এ ধরনের নিয়োগ কার্যক্রম পরিচালনায় বোয়েসেলকে আরও সতর্ক, সমন্বিত ও পেশাদার ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি।

সাবেক ও সুপারিশকৃত কর্মী নিয়োগে টপ গ্লোভের উদ্যোগ

এবারের নিয়োগ কার্যক্রমে টপ গ্লোভের নিজস্ব কর্মী নির্বাচনের উদ্যোগও বিশেষভাবে লক্ষণীয়। প্রতিষ্ঠানটি একদিকে তাদের সাবেক কর্মীদের পুনরায় নিয়োগের সুযোগ দিচ্ছে, অন্যদিকে নিজস্ব কর্মী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সুপারিশে নতুন প্রার্থী নির্বাচনের উদ্যোগ নিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নিয়োগকর্তার নিজস্ব চাহিদা ও পছন্দ অনুযায়ী অভিজ্ঞ সাবেক কর্মী এবং সুপারিশকৃত প্রার্থীদের নির্বাচনের সুযোগ থাকলে নিয়োগ প্রক্রিয়া আরও কার্যকর হতে পারে। তবে এ ক্ষেত্রে বোয়েসেলের সহযোগিতা, প্রশাসনিক সমন্বয় এবং নিয়োগকর্তার নিজস্ব কর্মী নির্বাচনের স্বাধীনতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

জিরো কস্ট রিক্রুটমেন্ট বা শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের মূল উদ্দেশ্য হলো কর্মীদের অভিবাসন ব্যয়ের বোঝা থেকে মুক্ত রাখা। একই সঙ্গে নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী যোগ্য কর্মী নির্বাচন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাও জরুরি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম